ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষ নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।
তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থীদের আমরা বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নেব।’
বুধবার ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গণতন্ত্রে ভিন্ন মত ও ভিন্ন পথ থাকবে এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব।’
বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি একটানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
তারেক রহমানের সফরসূচি বিষয়ে মাহাদী আমীন জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানে করে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি।
এরপর মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
মাহাদী আমীন বলেন, এসব কর্মসূচি শেষে সেদিনই গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।
মাহাদী আমীন বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারি প্রথম প্রহরে ঢাকার লেক শোর হোটেলে থিম সং উদ্বোধন করা হবে। এ গান উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল অনবদ্য ও অভূতপূর্ব। সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি সফরে ত্যাগী শীর্ষ নেতাদের সফরসঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মাহাদী আমীন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করে ইতিবাচক ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় অংশ নেবে।’
এ সময় নির্বাচন আচরণবিধি পূর্ণাঙ্গভাবে অনুসরণের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে জানান তিনি। একই সঙ্গে সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এ নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী বলেন, বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কোনোভাবেই কাম্য নয়। তিনি জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কিছু জায়গায় পোস্টাল ব্যালটের নামে সংগঠিতভাবে আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ পাওয়া যাচ্ছে। এগুলো অনাকাঙ্ক্ষিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করে।
এ ছাড়া বিএনপি নেতাদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার আহ্বান জানানো হবে এবং অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে বলা হবে বলেও জানান মাহদী।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে এবং জনগণের ভোটাধিকার প্রকৃত অর্থে মূল্যায়িত হলে বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে।’


