খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি বর্ষণের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে বেনাপোল পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠু সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সুলতান মাহমুদের ছেলে এবং স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. আহাদুজ্জামান মিয়া জানান, গত ১৪ জুলাই রাত ১টার দিকে খুলনা সদর থানার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে কয়েকজন সাংবাদিক অবস্থানকালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় করা মামলায় মিঠুকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হস্তান্তর করা হবে। পাশাপাশি খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবি প্রধান আরও জানান, মিঠুর বিরুদ্ধে পূর্বে রাজনৈতিক কিছু মামলা ছাড়া অন্য কোনো সুনির্দিষ্ট বা বিচারাধীন পরোয়ানা ছিল না।
এদিকে পুলিশি সূত্রগুলো জানিয়েছে, মিঠু রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যা মামলারও অন্যতম সন্দেহভাজন। গত ৪ মার্চ খুলনা নগরের ডাকবাংলা মোড়ে বাটা শোরুমের ভেতরে মাসুম বিল্লাহকে দেখিয়ে দিলে দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তলসহ ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য অশোক ঘোষকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছিল।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আসাদুজ্জামান মিঠুকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।


