যশোরে আল-আমিন (২৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় আল-আমিনকে গলাকেটে ফেলে রেখে যায়। তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরবর্তীতে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে র্যাব ৬ যশোরের কোম্পানি কমান্ডার জানিয়েছেন, মাদক সংশ্লিষ্ট কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধিদের ধরতে র্যাবের অভিযান চলছে।


