গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাই করতে আতা মিয়া (৬০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত আতা মিয়া কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালার বাটনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে কাপাসিয়া উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আতা মিয়ার আত্মীয় মোস্তফা আকন জানান, আতা মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ধারণা, অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে আতা মিয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর আতা মিয়ার মা জহুরা (৭৫) মৃত্যুবরণ করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদ টাইমসকে জানান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


