নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন কারা অধিদপ্তরের সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। কারাগারে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে। চুক্তিভিত্তিক এ নিয়োগের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে জারি হতে পারে।
শুক্রবার সকালে টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানিয়েছেন। আগামী রোববার এ নিয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলবেন শামসুল হায়দার সিদ্দিকী। তিনি জানান, কারাগারে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবনা রয়েছে বলে শুনেছেন। আগামী সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সূত্র জানায়, কারাগারের মতো স্পর্শকাতর বিভাগে একজন দক্ষ মানবিক কর্মকর্তাকে নিয়োগ দিতে আগ্রহী সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগেই সাবেক ডিআইজি প্রিজন্স অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকীকে ডেকে নিয়ে তার সঙ্গে কাজ করার অনুরোধ জানান। এই গুরুত্বপূর্ণ নিয়োগে সংশ্লিষ্ট প্রশাসনিক ও গোয়েন্দা কর্মকর্তারা প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করছে বলে জানা গেছে।
ওয়ান-ইলেভেনের সময় রাজনৈতিক বন্দী ও সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সাব-জেলে বন্দী থাকাকালে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন শামসুল হায়দার সিদ্দিকী। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে ঢাকা বিভাগ থেকে বদলি করা হয়।
তিনি সরকারি বিল ট্রেডস ও ২০২২ সালে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি বৃহত্তর ময়মনসিংহ জেলায়।


