মেহেরপুরের মুজিবনগর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রাস্তার পাশে একটি ড্রেন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সেটি পুলিশ হেফাজতে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, দারিয়াপুর গ্রামের কদমতলায় একটি বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ড্রেনের মধ্যে লাল টেপ জড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখতে পাওয়া যায়। বস্তুটির তিনদিকে তার সংযুক্ত থাকায় সন্দেহ হলে, পুলিশে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দারিয়াপুর গ্রামের স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে মুজিবনগর থানা পুলিশের একটি দল পৌঁছায়। ঘটনাস্থল থেকে লাল টেপ পেঁচানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। যেটিতে তার সংযুক্ত তিনটি অংশ কালো টেপ দিয়ে পেঁচানো রয়েছে। উদ্ধার করা বস্তুটি মুজিবনগর থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


