দেশের ১২টি সিটি করপোরেশনের প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকালে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে এবং নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।


