সাভার পৌরসভার ছায়াবিথি এলাকার একটি তিনতলা ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রিয়া মনি (১৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় সাভার মডেল থানা-পুলিশ। নিহত রিয়া মনি নোয়াখালীর মাইজদী থানার রৌফ চৌধুরীর মেয়ে।
নিহতের পরিবারের দাবি, রিয়ার স্বামী নবঘোষিত পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলাম তাকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়াবিথি এলাকার ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়ে যান রনি।পরে রিয়াকে হত্যার বিষয়টি রনি মুঠোফোনে তার মাকে জানালে ঘটনাটি জানাজানি হয়। বিকেলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে রনির মুঠোফোন বন্ধ রয়েছে। তিনি আত্মগোপনে আছেন।
নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, ‘রনি পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।’
নিহতের নানি জাহানারা বেগম বলেন, ‘রিয়ার বাবা-মা প্রবাসী। আমাদের মেয়েকে ও পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার ও রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, খবর পেয়ে ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।


