ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশেষ মর্যাদা প্রদান এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাবিকে আরও সম্মানজনক অবস্থানে নিতে প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।
সাক্ষাৎকালে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান উপাচার্য।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন ও অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদারের বিষয়েও সহযোগিতা চান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়।
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে উপাচার্য আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে প্রধানমন্ত্রীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাসের জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।


