স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে।’
ঢাকার কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিরাপদ পানির প্রাপ্যতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। এ অবস্থা থেকে বের হতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
নিরাপদ পানির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কথাও তুলে ধরেন মন্ত্রী। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার মুখে পড়ছেন বলে তিনি বলেন। এ বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো শহীদুল হাসান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।


