রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করতে পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এনসিপির পদযাত্রার কথা ছিল।
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবাদ সন্মেলনে তিনি ‘৩১ জুলাই এনসিপির অন্যান্য নির্ধারিত পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি’ পালন করার কথা বলেন।
তিনি জানান, বিমান দুর্ঘটনায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিমসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এ সময় সরকারের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, এনসিপি নেতা আব্দুল হামিদ, মো. জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


