আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি। এর পরপরই বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি।
প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান। সে সময় তারেক রহমান লন্ডনে নির্বাসিত থাকায় কোকোর জানাজা এবং দাফনে অংশ নিতে পারেননি।
১৭ বছর পর দেশে ফিরে এই প্রথম তিনি ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন। এ সময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের দিনের কর্মসূচি অনুযায়ী, এরপর তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। এর মধ্য দিয়ে তিনি দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব বুঝে নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দুপুরে ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ভোটার হতে আবেদন সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসি ভবনের কক্ষ নম্বর ইটিআই-১০৪ নম্বর রুমে তার আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান নেওয়া হয়।
ইসি ভবনে যাওয়ার আগে তারেক রহমান গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তিনি।


