বিদেশে বসবাসকারী অনেক বাংলাদেশির কাছে বিমানের জানালা দিয়ে ঢাকাকে প্রথমবার দেখার মুহূর্তটি একটি নিরব আবেগ বহন করে। পরিচিত নদী, ঘনবসতিপূর্ণ এলাকা এবং বিস্তৃত রাজধানীর দৃশ্য প্রায়ই এমন এক আপন হওয়ার অনুভূতি জাগিয়ে তোলে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এটি অত্যন্ত ব্যক্তিগত একটি অনুভূতি, যা অনেকের মধ্যেই সমানভাবে বিদ্যমান।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার মুহূর্তটিতেও সেই আবেগের আমেজ ছিল। সেদিন ঢাকার আকাশ কুয়াশায় ঢাকা ছিল, যা লন্ডনের আবহাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল—যেখানে তিনি প্রবাস জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন।
নিজের বক্তব্যে তিনি এত দীর্ঘ সময় পর মাতৃভূমিকে দেখে কেমন অনুভব করছেন, তা বর্ণনা করেননি। কিন্তু কিছু মুহূর্তের জন্য মৌখিক ব্যাখ্যার প্রয়োজন হয় না। জুতো-মোজা খুলে ঘাসের ওপর হাঁটা এবং মাটি স্পর্শ করার ভঙ্গিটি মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছে।
অনেক পর্যবেক্ষকের কাছে এই নিরব কাজটি যেকোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বিবৃতির চেয়ে বেশি কিছু। এটি ছিল তার জন্মভূমির সাথে পুনরায় যুক্ত হওয়ার প্রতীকী বহিঃপ্রকাশ।
রাজনীতিতে এই ধরনের দৃশ্য বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কোনো নেতা দীর্ঘ নির্বাসন থেকে ফিরে আসেন। প্রতীকী কাজগুলো আবেগ তৈরি করে এবং প্রত্যাশা বাড়িয়ে তোলে। সেদিনের সব দৃশ্যের মধ্যে এই মুহূর্তটি অনেকের কাছে সবচেয়ে অর্থবহ হিসেবে ধরা দিয়েছে।
তারেক রহমান তার ভাষণে একটি পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষার কথা বলেছেন। এমন এক বাংলাদেশ, যা সব ধর্ম, শ্রেণি, বয়স এবং লিঙ্গের মানুষের জন্য নিরাপদ হবে। যদিও এই বার্তাটি নতুন কিছু নয়, তবে সময়কাল একে বাড়তি গুরুত্ব দিয়েছে।
নিরাপত্তা, বঞ্চনা এবং আস্থার সংকটে থাকা একটি রাজনৈতিক পরিবেশে নিরাপত্তা ও অন্তর্ভুক্তির আহ্বান কেবল কথার কথা নয়; এটি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে পর্যালোচনার সুযোগ তৈরি করে।
তাই ২৫ ডিসেম্বর কেবল একজন ব্যক্তির ঘরে ফেরার চেয়েও বেশি কিছু ছিল। রাজনৈতিকভাবে এটি ছিল একটি পরিবর্তনের মুহূর্ত। সমর্থকরা চেয়েছিলেন তাদের আবেগের প্রতিক্রিয়া, আর সাধারণ মানুষ খুঁজছিলেন দিকনির্দেশনা। তারেক রহমান সবাইকে আশার কথা শুনিয়েছেন। তিনি তার এক পরিকল্পনার কথা জানিয়েছেন, কিন্তু এর বিস্তারিত রূপরেখা দেননি।
বক্তব্যের এই অসম্পূর্ণতা বিশ্লেষণের সুযোগ তৈরি করে। রাজনীতিতে “আমার একটি পরিকল্পনা আছে” বলাটা নিজেই একটি প্রতিশ্রুতি। কিন্তু বর্তমান রাজনৈতিক আলোচনায় প্রতিশ্রুতির পর পরই বাস্তব প্রশ্নগুলো সামনে চলে আসে। সেই পরিকল্পনায় কী আছে? এটি বাস্তবায়ন করতে কত সময় লাগবে? খরচ কত হবে? অর্থায়ন কোত্থেকে আসবে? কত মানুষ এতে উপকৃত হবে?
পাশ্চাত্য রাজনৈতিক সংস্কৃতিতে যখন কোনো নেতা দেশ পরিচালনার জন্য প্রস্তুত বলে দাবি করেন, তখন অনিবার্যভাবে তাৎক্ষনিক এধরণের প্রশ্ন ওঠে। লন্ডনে বহু বছর কাটানোর ফলে স্বাভাবিকভাবেই এমন প্রত্যাশা তৈরি হয়েছে যে, তারেক রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ভাষায় সেই পরিবেশের প্রতিফলন থাকতে পারে। ফলে বড় আশ্বাসের পর স্বচ্ছতা এবং বিস্তারিত তথ্যের জন্য জনগণের আকাঙ্খা থাকাটা অপ্রত্যাশিত নয়।
অনেকে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। সেই অধ্যায়টি কি কেবল আবেগ আর প্রতীকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সেটির তাঁর পরিকল্পনার সময়সীমা, ব্যয় এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসহ একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় রূপান্তরিত হবে—তা দেখার বিষয়।
রাজনৈতিক প্রত্যাবর্তন একটি মুহূর্ত মাত্র। কিন্তু শাসনতান্ত্রিক পরিকল্পনা হচ্ছে একটি দীর্ঘ যাত্রা। তারেক রহমান সেই যাত্রায় কীভাবে পথ চলেন—প্রতীকী ভঙ্গি থেকে বেরিয়ে কীভাবে সুনির্দিষ্ট নীতিমালার দিকে এগিয়ে যান—সেটিই হবে তার রাজনৈতিক ভূমিকার পরবর্তী ধাপের মূল প্রশ্ন।


