ঢাকার ৮২ পয়েন্টে পুলিশের বিশেষ মহড়া

ঢাকার ৮২ পয়েন্টে পুলিশের বিশেষ মহড়া
অফিসার ও ফোর্সের সমন্বয়ে রাজধানীজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা শোডাউন পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অফিসার ও ফোর্সের সমন্বয়ে রাজধানীর ৮২ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার বিকালে পরিচালিত এ কার্যক্রমের নাম ছিল ‘মোবিলাইজেশন ড্রিল’। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম দুই ঘণ্টার এ কর্মসূচি তদারকি করেন।

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে এই কর্মসূচি। এর অংশ হিসেবে এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপি আওতাধীন ৮২টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

রাজধানীর মৎস্য ভবন ও শাহবাগ মোড়ে অবস্থান নেয় রমনা বিভাগের পুলিশ। শাহবাগে ছিলেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। একই সময়ে আসাদগেট এলাকায় অবস্থান নেয় ডিএমপির মোহাম্মদপুর বিভাগের একটি দল। ওই দলের নেতৃত্ব দেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

শ্যামলী স্কোয়ার এলাকায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) তারিক লতিফ সামির নেতৃত্বে একটি দল, মিরপুর-১১ বাস স্ট্যান্ড এলাকায় পল্লবী থানা পুলিশের একটি দল এ কর্মসূচিতে অংশ নেয়।

আরও পড়ুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় রাজধানীজুড়ে ‘মোবিলাইজেশন ড্রিল’ পরিচালিত হয়। এর উদ্দেশ্য, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সর্বদা প্রস্তুত সেটি নগরবাসীর সামনে তুলে ধরা।

এই কর্মসূচির আওতায় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা নিয়মিতভাবেই অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad