কুষ্টিয়ার সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে সাগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে চৌড়হাঁস এলাকার কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাগর একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই তৌফিক ইসলাম বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগে প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন তাকে মারধর করে এবং হুমকি দেয় যে তার ভাইকে ডেকে নিয়ে আসতে হবে। পরে সাগরের মৃত্যুর খবর আসে।’
স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন মাতুব্বার বলেন, ‘হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত চলছে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, সাগরের শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়।


