জুলাই সনদ অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ পাস হওয়ায় প্রাপ্ত আসন নয়, ভোটের সংখ্যানুপাতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, এক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট কোনো কাজে আসবে না। কারণ, মানুষ গণভোটে তাদের নোট অব ডিসেন্ট সমর্থন করলে মানুষ ‘না’ ভোট জয়যুক্ত করতে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১-দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতীয় সংসদে ১১-দলীয় জোট জোটগতভাবে ভূমিকা পালন করবে।
সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে এটি বন্ধ না করলে আমরা বৃহৎ রাজনৈতিক কর্মসূচির দিকে যাব। কোনোভাবে নেতাকর্মীদের ওপর হামলা কাম্য নয়। এ বিষয়ে কর্মসূচির কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।’
আযাদ আরও বলেন, ‘রোববার সকালে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি। ৩০টির বেশি আসনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও ফলাফলে কারচুপি করা হয়েছে সে বিষয়ে আমরা ইসির কার্যকরী পদক্ষেপ চাইব। প্রয়োজনে শেষ পর্যন্ত আমরা উচ্চ আদালতেও যাব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভোটাধিকারের রক্ষা করতে না পারার জন্য ১১ দলের কোনো দায় নেই। বরং ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনকে ভোটারদের কাছে ‘সরি’ বলা উচিত। সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


