নেশার টাকার বিরোধে মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

নেশার টাকার বিরোধে মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরে শামেলা আক্তার (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের (৩২) বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নেশার টাকার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অলিয়াবাদ আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামেলা আক্তার ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত রাহিম শেখ পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক নারী দোতলার ছাদ থেকে শামেলা আক্তারের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন

এলাকাবাসীর জানিয়েছে, রাহিম শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি মা ও ভাইবোনদের মারধর করতেন। প্রায় ১০ বছর আগে সৎমাকেও কুপিয়ে হত্যার অভিযোগে তিনি কারাভোগ করেন। পাঁচ থেকে ছয় বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান।

স্থানীয় বাসিন্দা সুমন শেখ বলেন, ‘রাহিম নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে ঝামেলা করত। আজও টাকার বিরোধ থেকে সে নিজের মাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।’

কোতোয়ালি থানার কর্মকর্তা (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘরের ভেতর থেকে ফয়েল পেপার, মোমবাতি ও সিগারেটের প্যাকেটসহ মাদকসেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পলাতক রাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad