কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে মাজারে হামলা, অগ্নিসংযোগ এবং মাজারের প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, যেকোনো ধর্ম অবমাননা বা সংবেদনশীল অভিযোগের বিচারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের। কোনোভাবেই ‘মব-সহিংসতা’ বা আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। যারা এই হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তারা গুরুতর ফৌজদারি অপরাধ করেছে।
হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ কেন আগাম সতর্কতা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। রাজবাড়ীর ঘটনার উদাহরণ টেনে বলা হয়েছে, স্থানীয় ক্ষমতার ছত্রছায়ায় এসব সহিংসতা ঘটছে।
এনসিপি অভিযোগ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘মব কালচার’ বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে সরকার-সমর্থিত পক্ষগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগের মতো ঘটনা ঘটাচ্ছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘মব কালচার’ পরিভাষাটিকে সরকার এখন ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এনসিপি সরকারকে তাদের নির্বাচনী ইশতেহার পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ের মুখপাত্র না হয়ে কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে দলটি।


