কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ নারীসহ আরও নয় যাত্রী। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয় জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে বলেও জানান তিনি।


