মানিকগঞ্জের দৌলতপুরে আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলার পলাতক আসামি মো. সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে সাভার এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।
ওসি স্বপন কুমার জানান, গ্রেপ্তার সবুজ একই এলাকার মো. পিন্টুর ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের পূর্বপরিকল্পিতভাবে আমেনা খাতুন (৩২) ও তার ১৫ মাস বয়সী ছেলে আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এতে আহত হন আমেনার স্বামী আব্দুস সালাম মোল্লা।
এ ঘটনায় নিহতের মা মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লা ও তার ভাগ্নে সুমন হোসেনকে এর আগে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, ঈদের কয়েকদিন আগে সাভারে বসে ইউসুফ, সুমন ও সবুজ মিলে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি সবুজ কিনে আনে বলেও জানিয়েছে পুলিশ।
সবুজের গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচিত এ জোড়া হত্যা মামলার তিন অভিযুক্তই এখন পুলিশের হেফাজতে রয়েছে।


