দেশের যেসব নদী ও জলাশয় দখল রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ২ হাজারের বেশি মাইল খাল খনন করেছিলেন, সেই কর্মসূচি আবার আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে।
সেই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।


