রাজশাহী রেললাইনে শিক্ষার্থীদের অবরোধ, রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী রেললাইনে শিক্ষার্থীদের অবরোধ, রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করেন তারা। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহীতে ফিরছিলেন ফোরকান। পথে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা আদায়ের চেষ্টা করেন। ফোরকান এর প্রতিবাদ করলে টিটিই ও সংশ্লিষ্ট কর্মীরা তাকে মারধর করেন। এ ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের সঙ্গে অভিযুক্ত কর্মচারীর বক্তব্যে অমিল রয়েছে। অভিযুক্ত কর্মচারীর দাবি, অর্ধেক ভাড়া পরিশোধকে কেন্দ্র করেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। তাই সব পক্ষের বক্তব্য নিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।’

রেললাইন অবরোধের কারণে রাজশাহী থেকে নির্ধারিত সকাল ৭টার বনলতা এক্সপ্রেস ট্রেনও যাত্রা শুরু করতে পারেনি বলে জানান পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad