বাংলাদেশ থেকে মব সংস্কৃতি বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মব এবং স্পট ক্রাইম ভিন্ন বিষয়, তাই সব ঘটনার সঙ্গে মবকে গুলিয়ে ফেলা ঠিক নয়।
নরসিংদীর একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল এবং তদন্তে দেখা গেছে, ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার সৎ বাবা জড়িত।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সব সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার ব্যবস্থা নিচ্ছে। সবকিছুকে মবের সঙ্গে তুলনা করলে হবে না। মব সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রচলিত আলোকসজ্জা এবার বন্ধ থাকবে।
তিনি বলেন, জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
পোশাক খাতের শ্রমিকদের বেতন ও ভাতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ঈদের আগে বেতন ও ভাতা পরিশোধ করবেন।
তিনি বলেন, ‘এতে ঈদে মানুষ কিছুটা স্বস্তি পাবে।’
সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেগুলোর দৃশ্যমান কার্যক্রম খুব একটা দেখা যায় না।
তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


