জয় দিয়েই ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ করল বাংলাদেশ। বছর শেষ হতে আরো ২৮ দিন বাকি থাকলেও এই বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই লিটন দাসদের। মঙ্গলবার চট্টগ্রামে আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন তারা। এরপর বিপিএল থাকলেও ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শুরু হবে নতুন মিশন।
ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াডে কারা থাকতে পারেন? ইতোমধ্যে নির্বাচক, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা একটি রুপরেখা সাজিয়ে ফেলেছেন। অধিনায়ক লিটনও জানিয়েছেন, বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই।
আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়ে চট্টগ্রামে লিটন বলেন, ‘দল অনেক আগে থেকেই প্রস্তুত (বিশ্বকাপের জন্য), যখন এশিয়া কাপ খেলেছি, তখন থেকেই। আপনি যদি প্যাটার্নটা দেখেন, এই কয়েকটা ক্রিকেটারই খেলছে। তার মানে, বোঝা যাচ্ছে, দলটা আগে থেকেই প্রস্তুত।’
এর মধ্যে জাতীয় দলের সূচি না থাকলেও আগামী ২৬ ডিসেম্বর থেকে ব্যস্ত হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিপিএলের দ্বাদশ আসরে ক্রিকেটারেরা ছন্দ ধরে রাখবেন বলে আশা রাখছেন লিটন, ‘এখন একটা জিনিস থাকবে যে, ক্রিকেটাররা বিপিএল খেলবে, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট। আমার মনে হয়, যে যেখানেই খেলুক, যে কোনো দলেই খেলুক, তারা সেরা ক্রিকেট খেলবে এবং আবার যখন আমরা জাতীয় দলে আসব, তখন ওই সেরা ক্রিকেটই আবার খেলার চেষ্টা করব।”
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুর দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘সি’ গ্রুপের লড়াইয়ে নামবে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল।


