ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ছাত্র ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন যে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নির্বাচনী পোস্টার ভোটকেন্দ্রের বুথের ভেতরে টাঙানো হয়েছে।
সরাসরি দেখাও গেছে, বুথের ভেতরে ছাত্রশিবিরের পোস্টারের পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাচনী পোস্টারও লাগানো হয়েছে।
উমামা ফাতেমা বলেন, ‘ছাত্রশিবির ও ছাত্রদলকে কারচুপি করার জন্য নির্বাচন কমিশন সহযোগিতা করেছে।’

এর আগে, ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে পরিচিত মুখ হয়ে ওঠা উমামা বলেন, ‘আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে আমরা নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।’
অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচনে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে ছাত্রশিবির ও ছাত্রদলকে অনিয়মে সহায়তা করেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘আমরা এমন একটি ডাকসু নির্বাচন চাইনি, যেখানে ছাত্রশিবির, ছাত্রদল ও বিএনপি-জামায়াত মিলে নির্বাচনী প্রকৌশল করবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে দায়িত্ব নিয়েছে এবং ছাত্রশিবির ও ছাত্রদলকে কারচুপি ও অনিয়মে সহযোগিতা করেছে।’


