প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করতে কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুন শহরে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো বার্ষিক বনভোজন। ‘সাস্কাটুন বসন্ত বরণ উদযাপন কমিটির’ উদ্যোগে নবমবারের মতো এই আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
সাস্কাটুন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোরম পাইক লেকের নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বনভোজন এলাকা মুখরিত হয়ে ওঠে।
দিনব্যাপী এই আয়োজনে প্রকৃতির ছায়ায় শিশু-কিশোর আর পরিবার-পরিজনের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেছিল শহরের অন্যতম বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ ‘কনফেডারেশন‘-এর পরিবেশন করা সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার।
দিনভর নানা বয়সীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে ছোটদের জন্য ছিল ট্রেজার হান্ট, দৌড় ও মোরগ লড়াই; মাঝারি বয়সীদের জন্য ছিল চামচ-মার্বেল ভারসাম্য দৌড় ও গানের তালে থিম-নৃত্য। এছাড়া পুরুষদের জন্য বস্তা দৌড় ও বেলুন দৌড় এবং নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার ও ভারসাম্য দৌড়ের আয়োজন করা হয়।
দম্পতিদের জন্য চমৎকার ও হাসির প্রতিযোগিতা ছিল, যা সবাই বেশ উপভোগ করেন। এ ছাড়া সাস্কাটুন শহরের পূর্বপাড় বনাম পশ্চিমপাড় বাসিন্দাদের মধ্যে দড়ি টানাটানির খেলাটি ছিল বিশেষ আকর্ষণীয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক, একঝাঁক স্বেচ্ছাসেবী এবং সব অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মোরে আবহমান বাংলার চিরায়িত কূষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এই আয়োজন।


