দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল(অব.) কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী মমরেজ মাহমুদ সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপন করে দুদকে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করেছেন। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে দখলে রাখায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিক নিরুপণ এবং আসামির মালিকানাধীন অন্য কোন সম্পদ রয়েছে কিনা, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ২০১০-২০১১ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আসামির নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরী।
পরে আদালত এই আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন।


