কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান এবং তাদের সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান ও অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। আসাদুজ্জামান ও অন্যান্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। পরে আদালত এ নিষেধাজ্ঞা দেয়।


