গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। তিনি কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকে পড়েন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।


