সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের মোবাইল ফোন টাওয়ারের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদী আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার করেন।
নিহতের মা মনোয়ারা খাতুন জানান, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সে বেরিয়ে যায়। রাতে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি যে, জালালাবাদ ইউনিয়ন পরিষদের পিছনে মোবাইল টাওয়ারের গোড়ায় তার মরদেহ পড়ে রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বাড়ির পাশে নজরুল ইসলাম নামের একজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জেরে তারাই মেহেদীকে হত্যা করতে পারে বলে জানান তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপর এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


