ফাহিম আশরাফের করা শেষ বলে ক্রিস ওকসের ছক্কা, রংপুর রাইডার্সকে উড়িয়ে এলিমিনেটরে সিলেট টাইটান্সের জয়। এবারের বিপিএলের এলিমিনেটরে লো স্কোরিং ম্যাচে হাই ভোল্টেজ উত্তেজনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবেগের পারদ ওঠা-নামার এই ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত সিলেটের, বাদ পড়ল রংপুর।
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক লিটন দাস বললেন, ওকসের এই ছক্কা তাকে ফিরিয়ে নিয়ে গেছে ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে।
শ্রীলংকায় আট বছর আগের নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল সৌম্য সরকারকে মারা দীনেশ কার্তিকের শেষ বলের ছক্কায়। কাকতালীয় ভাবে ওকসও ছক্কাটা মেরেছেন কার্তিকের মতো এক্সট্রা কভার দিয়ে। দুইবারই প্রতিপক্ষে থেকে দলকে হারতে দেখেছেন লিটন।
১১১ রানের পুঁজি নিয়ে ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ালেও হারতে হয়েছে লিটনদের। নিদাহাসের পুরনো ক্ষত আর এই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘লাস্ট বলে ছক্কা দেখে সেইম আমার নিদাহাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। সেইম কাভারের উপর দিয়ে ছয়।’
এবার অধিনায়ক বলে হারের বেদনাটা আরেকটু বেশি লিটনের। তবে বাস্তবতা মেনে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তিনি বলেন, ‘ঠিক আছে, এটাই ক্রিকেট, এভাবেই জীবন চলে। আপস এন্ড ডাউনস থাকবে। জিততে পারলে তো ভালো হতো। এখন পারি নাই, কিছু করার নাই।’


