বিতর্ক যেন পিছু ছাড়ছে না তানজিন তিশার। এক নারী উদ্যোক্ততা কিছুদিন আগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার তার বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেক নারী উদ্যোক্তা।
রাজধানীর গুলশান থানায় নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী বুধবার (১২ নভেম্বর) জিডি করেছেন, যার নম্বর-৯৮৫। এতে তিনি অভিযোগ করেছেন, গেল বছরের ১৩ ডিসেম্বর তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন এবং পরদিন ফেরত দেবার কথা থাকলেও শাড়িটি এখনো ফেরত দেননি।
জিডিতে সানায়া উল্লেখ করেছেন, শাড়ি ফেরত আনার জন্য কয়েকবার যোগাযোগ করার পর তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, মামলা করার হুমকি দিয়েছেন এবং এমনকি প্রাণনাশের ভয় দেখিয়েছেন।
তিনি বলেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, কিন্তু ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার শাড়ি ফিরিয়ে না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন — এখন আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।’
সানায়া আরও জানান, তার কাছে ঘটনার সকল প্রমাণ আছে, তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
এই অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে তানজিন তিশা জিডি হওয়ার কথা শুনে হেসে বলেছেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।’
তানজিন তিশা বর্তমান শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।


