নীরব ঘাতক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহবান জানিয়েছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার এক আলোচনা সভায় তারা এ আহবান জানান।
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) রাজধানীর বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে। প্রতি বছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য “কন্ট্রোর্লিং হাইপারটেনশন টুগেদার”।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’অনুসারে বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে উচ্চ রক্তচাপ। অথচ টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণভাবে বাস্তবায়ন করা যাচ্ছেনা। এর ফলে উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে।
আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বে প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সকল সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।
আলোচনা সভায় আরও জানানো হয়, উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ এনামুল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খোরশেদ আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ-এর অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. গীতা রানী দেবী, বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন্নাহার নাহিদ এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।


