ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস নামে একটি বেসরকারি টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চ্যানেল এস এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। টিএসসি কাভার করে এরপর যান কার্জন হলে। সেখানে লাইভ করার পর সহকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন সেগুনবাগিচায় অফিসে ফিরে দুপুরের খাবার খেতে। এ সময় কার্জন হলের গেটের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তার বাসা টঙ্গীর বনমালা রোডে। আর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তরিকুলের মৃত্যুর খবরে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।


