‘ইস্কেমিক স্ট্রোক’ করেছেন অভিনেতা হাসান মাসুদ

‘ইস্কেমিক স্ট্রোক’ করেছেন অভিনেতা হাসান মাসুদ
Advertisement
Advertisement

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং মাইল্ড হার্ট অ্যাটাকও করেছেন।

বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।’

একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নেন হাসান মাসুদ। তবে বেশ কিছুদিন ধরে তিনি পর্দায় অনিয়মিত। সম্প্রতি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এলেও তিনি জানিয়েছিলেন, অভিনয় ছেড়ে চাকরিতে ফিরতে চান। সাক্ষাৎকারে বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা বা প্রশাসনিক কাজ—যেটাই হোক।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন হাসান মাসুদ। এরপর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় কাজ করেন। সাংবাদিকতা ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’ ও ‘গণি সাহেবের শেষ কিছুদিন’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad