ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ।
আল জাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
কয়েক দশক ধরে ইরানের শাসনব্যবস্থার মধ্যে পরিমিত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের আবহে দেশের কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
১৯৫৮ সালে ইরাকের নাজাফে আমোলের এক ধনী পরিবারে জন্ম নেওয়া লারিজানি ইরানের একটি প্রভাবশালী রাজবংশের সদস্য। যাদের একসময় টাইম ম্যাগাজিন ‘ইরানের কেনেডি পরিবার’ হিসেবে বর্ণনা করেছিল।
অন্যান্য অনেক সহকর্মীর তুলনায় তার শিক্ষাগত পটভূমি ছিল সাধারণ ও ধর্মনিরপেক্ষ। তিনি গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জনের পর ইমানুয়েল কান্টের ওপর আলোকপাত করে পাশ্চাত্য দর্শনে ডক্টরেট ডিগ্রি নেন।


