কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা মরদেহটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ কবিরের। তার পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
নিহত মোহাম্মদ কবির উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম রহমত উল্লাহ।
শনিবার বিকাল ৫টার দিকে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়দের খবরে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন অবস্থায় এক ব্যক্তির মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, শুক্রবার ভোরে শাহপরীরদ্বীপ পশ্চিম উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।
উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মনির আহমদ জানান, শুক্রবার ভোরে শাহপরীরদ্বীপ পশ্চিম উপকূলে উত্তাল সাগরে নৌকাডুবির ঘটনায় মোহাম্মদ কবির নিখোঁজ হন। শনিবার বিকালে উপকূল থেকে একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার ছোট ভাই ফয়সাল থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


