মস্কোর রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

মস্কোর রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩
হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ‘বালজি রোসি’ রেস্তোরাঁর প্রবেশমুখে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, অজ্ঞাত পরিচয়ের এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এর পরপরই তার বহন করা বোমার বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক গ্রাহক নিহত হন। আহত ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন

হামলার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যদের এলাকায় টহল দিতে দেখা যায়। ঘটনাটি তদন্তে বিস্ফোরক বিশেষজ্ঞ ও ফরেনসিক দলও কাজ শুরু করেছে।

নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরের শুরুতে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে একাধিক হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দেয়। এসব ঘটনার জন্য মস্কো বরাবরই কিয়েভকে দায়ী করে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad