মানিকগঞ্জের শিবালয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনিয়া আক্তার (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া শিবালয়ের জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে। তিনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।
আবুল হোসেন জানান, স্ত্রীর মাস্টার্স ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্ত্রী ও মেয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।
তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জান্নাত।
আবুল হোসেন বলেন, ‘বাসটি উল্টো পথে না এলে স্ত্রী ও মেয়েকে হারাতাম না।’
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-২০০১) উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


