সারা দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে দেশের হাওর ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, ‘বজ্রপাত বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকরা যাতে নিরাপদে আশ্রয় নিতে পারেন, সেজন্য আগামী বছর এসব আশ্রয়কেন্দ্র বা শেল্টার নির্মাণ করা হবে।’
সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের অ্যাসেসমেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এবং উত্তরাঞ্চলে বজ্রপাত ব্যাপকভাবে হয়, আমরা সেখানে শেল্টার বানাব।’
পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, এসব আশ্রয়কেন্দ্রে বজ্রপাত নিরোধক টাওয়ার স্থাপন করা হবে। এ ছাড়া বজ্রপাতের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে কৃষকদের সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারেন।


