‘অনেক প্রজন্মের একটাই বন্ধন’- এই ট্যাগলাইন নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ নাটকের সম্প্রচার শুরু হয়েছিল এ বছরের ১ জানুয়ারি। মঙ্গলবার (৫ মে) মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে পরম্পরা নাটকের ১০০তম পর্ব সম্প্রচার হবে।
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
মেগা সিরিয়ালটি প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ও দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটি দেখা যাচ্ছে।
ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। সে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। তার আধুনিক জীবনযাপন ও চিন্তাভাবনার সাথে তাদের যৌথ পরিবারের সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ার বাধ্যবাধকতা তাকে মানসিকভাবে বিপর্যস্থ করে তোলে। নাহিয়ানের জীবনের এই টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে ফুফাতো বোন রাশা এবং সহপাঠী মেঘার উপস্থিতিতে। পারিবারিক সিদ্ধান্তে যখন রাশার সাথে নাহিয়ানের বিয়ের আয়োজন চলছিল, ঠিক তখনই নিজের বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার নাটকীয় আগমন সব সমীকরণ ওলটপালট করে দেয়। পরিবারের মতামত উপেক্ষা করে রাশার সাথে বিয়ে ভেঙ্গে দিয়ে মেঘাকে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে নাহিয়ান। বাবার বিত্ত-বৈভব, আভিজাত্য আর বিলাসী জীবন পেছনে ফেলে ছোট একটি রুমে শুরু হয় তাদের কঠিন জীবনযুদ্ধ। একদিকে পরিবার ও রাশার সাথে বিচ্ছেদের ক্ষত, অন্যদিকে মেঘাকে নিয়ে টিকে থাকার রূঢ় বাস্তবতা। নাহিয়ানের এই লড়াকু জীবন আর পারিবারিক ঐতিহ্যের টান শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তা নিয়েই এগিয়ে চলে ‘পরম্পরা’র গল্প।


