বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধিদল।
সোমবার চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাকস্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানা সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও খাল খননের মতো কর্মসূচি নিয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানিবিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।
চিফ হুইপ বলেন, ‘আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না হলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।’
ড্রাগন পপভিচ বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মধ্যে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরও বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসঙ্গে কাজ করতে পারে।’
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


