মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারাদেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বাড়বে, তেমনি মাছের চাহিদা পূরণে সহায়ক হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সদর উপজেলা গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি পর্যায়ে পুকুর ও জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী মৎস্য শিকার চায়না জালসহ ক্ষতিকারক সব প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। এক্ষেত্রে আইন প্রয়োগসহ জনসচেতনতার প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।


