বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, বক্তব্যটি স্পষ্ট করা না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
শনিবার দুপুর ১২টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “শুক্রবার বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া।”
তিনি আরও বলেন, “ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।”
জামায়াত আমির বলেন, “আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।”
এর আগে, শুক্রবার সকালে পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দেওয়া তার একটি বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। সেই বক্তব্যের প্রেক্ষিতেই সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির।


