দুই থেকে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ‘মিসগাইড’ করছেন বলে মনে করেন জামায়াতের ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অবিলম্বে ওইসব উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মঙ্গলবার পাঁচ দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় দলটির মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
নায়েবে আমির বলেন, ‘বিগত ১৫ বছর এদেশের মানুষের সঙ্গে যারা বেঈমানি করেছে তাদের পরিণতির দিকে লক্ষ্য করুন। তারা সূর্যের আলো দেখতে পারেন না। বর্তমান উপদেষ্টা পরিষদ মানুষের দেওয়া রক্তের সঙ্গে যদি বেঈমানি করে তাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে।’
‘আমরা যেনতেন বিচার চাই না। একজন ভালো মানুষও যেন অন্যায় বিচারের শিকার না হয়। সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশের মানুষ খুব শীঘ্রই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে’ বলেও জানান তিনি।
জামায়াত নেতা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে, পাঁচ দফা দাবিতে রাজধানী গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করে জামায়াতের মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।


