এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে পাবনা ক্যাডেট কলেজ। চলতি বছর এ প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটি শতভাগ।
ফলাফল সূত্রে জানা গেছে, উত্তীর্ণ ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই পেয়েছে ‘গোল্ডেন জিপিএ-৫’। বাকি দুইজনও সাধারণ জিপিএ-৫ অর্জন করায় শতভাগ সাফল্যের এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির এই অর্জনে সন্তোষ প্রকাশ করে পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণেই ক্যাডেটরা এমন চমৎকার ফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’
তিনি জানান, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। শিক্ষার এই মান ধরে রাখতে ভবিষ্যতেও কলেজ প্রশাসন একইভাবে কাজ করে যাবে।


