জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত। বুধবার জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে অনুষ্ঠিত বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস শুরুতেই শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, জামায়াত আমিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বৈঠকটি অনুষ্ঠিত হয় দুপুরে।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


