আশানুরূপ ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আশানুরূপ ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা
Advertisement
Advertisement

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত শিক্ষার্থীর নাম কারিনা পাল (১৬)।

সোমবার উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। চলতি বছর চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল কারিনা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তা বলা কঠিন। পরীক্ষায় ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তার পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ারও সুযোগ ছিল।

স্বজন, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী ফলাফল বা অন্য কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়লে তাকে একা না রেখে পাশে দাঁড়ানো এবং প্রয়োজন হলে পরিবার, শিক্ষক বা সংশ্লিষ্ট পেশাজীবীদের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad