চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সালমান শাহ ভক্তরা এতে অংশ নেন। কর্মসূচির আয়োজন করে ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও জনপ্রিয় এই নায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি এবং ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান। বক্তাদের মতে, সালমান শাহ ছিলেন ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র, যার অকাল মৃত্যু ভক্তদের হৃদয়ে এখনো গভীর শূন্যতা তৈরি করে আছে।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়। পরে আয়োজকরা ভবিষ্যতেও একই দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


