বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। এতে তাকে দেখা যাবে ট্রাকচালক আব্বাস চরিত্রে। তার সঙ্গে এতে অভিনয় করেছেন একঝাঁক অভিনেত্রী। তারা হলেন– রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার সিরিজটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।
মোশাররফ করিম এর আগে হইচইয়ের ‘মহানগর’ সিরিজে ‘ওসি হারুন’ ও ‘মোবারকনামা’য় আইনজীবী মোবারক চরিত্রে অভিনয় করেছেন। এবার এই ওটিটি প্ল্যাটফর্মে ট্রাকচালকের ভূমিকায় আসছেন তিনি। নিজের অভিনীত চরিত্র নিয়ে তার ভাষ্য, ‘অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দারুণ গল্প ও চরিত্রের জন্যই এতে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। তাই এই সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক। দর্শকরা “বোহেমিয়ান ঘোড়া”য় নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’

হইচইয়ের পর্দায় এর আগে বেশকিছু চরিত্রে দেখা গেছে রুনা খানকে। ‘বোহেমিয়ান ঘোড়া’য় তার চরিত্রটি গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে তাকে দেখা যাবে ‘বোহেমিয়া ঘোড়া’য়। মৌসুমী হামিদ অভিনয় করেছেন মৌয়ালের ভূমিকায়। সাদিয়া আয়মান চঞ্চল তরুণীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন।

মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিমকে দেখা যাবে নতুন আঙ্গিকে। ফারহানা হামিদের চরিত্রে আছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। এছাড়া দুই নতুন মুখ অদিতি ও বৃষ্টির আবির্ভাব ঘটছে এই সিরিজে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নতুন সিরিজ প্রসঙ্গে বলেন, ‘ট্রাকচালক আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা ও সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে “বোহেমিয়ান ঘোড়া”য়। এছাড়া আছে নানা রোড অ্যাডভেঞ্চার। যারা অভিনয় করেছেন তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা দর্শকদের কাছে আমাদের “বোহেমিয়ান ঘোড়া”কে পৌঁছানোর।’


